দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিজেদের এজেন্ট পরিচয়ে বুথে বসে থাকা এবং ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করারও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদ্রাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।
বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, বিভিন্ন বুথে কয়েকজন যুবক এজেন্ট পরিচয়ে বসে আছেন। তবে তাদের পরিচয়পত্রে নিজ নাম বা কোনো প্রার্থীর এজেন্ট তা উল্লেখ নেই; কেবল প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, অসুস্থবোধ করার কারণে তিনি বিষয়টি খেয়াল করেননি। পরে তিনি সংবাদকর্মীদের উপস্থিতিতে এজেন্টদের পরিচয়পত্রে সংশ্লিষ্ট প্রতীকের নাম লেখার নির্দেশ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসেছেন। প্রিজাইডিং অফিসার তাদের সহযোগিতা করেছে।
এ বিষয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম জানান, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন।
এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাধা না দেওয়ার অভিযোগে কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসার কে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবি/