দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চলাফেরায় অক্ষমতা তবুও ভোটাধিকার প্রয়োগে অনড় ছিলেন শতবর্ষী আছিমন বেওয়া। হাঁটতে না পারায় নাতির কোলে চড়েই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজ কেন্দ্রের সামনে এ দৃশ্য দেখা যায়।
সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকার বাসিন্দা আছিমন বেওয়াকে কোলে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তার নাতি এরশাদুল হক। বয়সজনিত কারণে নড়াচড়া করতে না পারলেও ভোট দেওয়ার আগ্রহে ভাটা পড়েনি তার।
ভোট দিয়ে বেরিয়ে আছিমন বেওয়া বলেন, অনেক বয়স হইছে বাবা, চলতে পারি না। আজ নাতির কোলে চড়ে আসছি ভোট দিতে। খুব ভালো লাগছে। আগামীতে আর ভোট দিতে পারব কি না, আল্লাহই জানে।
এরশাদুল হক বলেন, নানির বয়স অনেক বেশি। ঠিকমতো হাঁটতে পারে না। তাই কোলে করে নিয়ে এসেছি। নানি ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন। তার মুখের হাসিটাই আমাদের বড় পাওয়া।
জেলায় চারটি সংসদীয় আসনের ৭০৬টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি ভালোভাবেই ভোটগ্রহণ সম্পন্ন করতে পারব।
জে আই