দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে নগদ দুই লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ব্যক্তি হাবিবুর রহমান হেলালী ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। এ সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারের চালক মহসিনকেও আটক করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে একটি বৈঠক শেষে তারা নিয়ামতকান্দি দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে এলাকাবাসী তাদের গতিরোধ করেন। এ সময় তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রাইভেট কারটি জব্দ করে আটক দুজনকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেলের নির্দেশে তার নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, আটক ব্যক্তিদের বক্তব্য শুনে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। এ কারণে মোবাইল কোর্ট আইনে তাৎক্ষণিক বিচার করা হয়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আটক দুজন পুলিশ হেফাজতে রয়েছেন।
জে আই