দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে রূপাতলী বাস টার্মিনাল থেকে চলাচলকারী বিভিন্ন রুটে ভাড়ায় ৬০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন পরিষদের সভাপতি জিয়াউদ্দিন সিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জিয়াউদ্দিন সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ছাড় দেওয়া হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রূপাতলী বাস মালিক সমিতির অধীন সব রুটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। তবে ভাড়া ছাড় পেতে শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে বলেও জানান তিনি।
এ ছাড় কেবল রূপাতলী বাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন রুটে প্রযোজ্য হবে; নথুল্লাবাদ বাস মালিক সমিতির আওতাধীন কোনো রুটে এই সুবিধা কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, নির্বাচন উপলক্ষে ভোট দিতে নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য শিক্ষার্থীরা আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদন নাকচ হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রূপাতলী বাস মালিক সমিতির কাছে আবেদন করেন ছাত্রদল নেতা রাফি শিকদার।
এ বিষয়ে রাফি শিকদার বলেন, শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলা থেকে বরিশালে পড়াশোনা করতে আসে। নির্বাচনে ভোট দেওয়া তাদের নাগরিক দায়িত্ব। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিবহন সহায়তা না পাওয়ায় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বাস মালিক সমিতির কাছে আবেদন করা হয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাড় ঘোষণার পরও কিছু বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মালিক সমিতি জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বাস বা কাউন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জে আই