দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২)-কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুটপাট করা হয়েছে কয়েক লাখ টাকা।
নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতরাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় “মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ” এর মালিক সুসেন চন্দ্র সরকারকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে দোকানের ভেতর ফেলে রেখে যায়। এসময় তারা দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শাটার খোলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ