দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তার পানির জন্য দাবি জানানো হলেও প্রতিবেশী দেশ ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর সমাধান দেয়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জেআর কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদীর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা দিতে হয়। কিন্তু ভারত সে দায়িত্ব পালন করেনি। বরং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা উঠলেই ভারত সরকার বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকারের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, ভারত থেকে যদি বাংলাদেশ তার প্রাপ্য পানির হিস্যা সঠিকভাবে পেত, তাহলে তিস্তা নদী আজ এই করুণ অবস্থায় পড়ত না। তিস্তার বর্তমান সংকট থেকে উত্তরণে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দলীয়ভাবে আলোচনা হয়েছে এবং এই মহাপরিকল্পনার মাধ্যমেই তিস্তাকে বাঁচানো সম্ভব বলে তারা মনে করেন। এ জন্য তিনি তিস্তা রক্ষায় সবাইকে সচেতন ও আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জে আই