দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদান ও হাসপাতালসমূহে বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমান আগামী এক বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করে দেবেন, যাতে তারা ঘরে বসে আয় করতে সক্ষম হয়।
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলীম এসব কথা বলেন। তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সম্মান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশে শ্রমবাজার তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি ভিক্ষা নয়, মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখতেন এবং বিশ্ব-দরবারে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছিলেন।
আলীম বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সৌদি আরব সফরে গিয়ে বাদশা ফয়সালের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনায় বলেছিলেন, “আপনার দেশে কাজ আছে, কিন্তু লোক নেই, আমাদের দেশে লোক আছে কিন্তু কাজ নেই। আমাদের শ্রমিকদের কাজ দিলে দুদেশই উপকৃত হবে।” সেই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিদেশে কর্মসংস্থানের পথ খুলে যায়।
তিনি আরও জানান, ধানের শীষ প্রতীকে ভোট দিলে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি পেতে কৃষি কার্ড দেওয়া হবে, যা কৃষিতে বড় পরিবর্তন নিয়ে আসবে। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা মাসে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা ভাতা পাবেন। পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় বেতন ও সম্মানী দেওয়া হবে। অন্য ধর্মের মানুষের জন্যও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন আলীম।
তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
জে আই