দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে ভোটাধিকার হরণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন, আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়।
ডা. সিরাজী তার এই মন্তব্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে সম্ভাব্য সহিংসতা ও ভোটাধিকার হরণের আশঙ্কা প্রকাশ করেছেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। তাই তার এই বক্তব্য নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং ভোটাধিকার রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বলেই মনে করছেন তারা।
ডা. সিরাজুল ইসলাম সিরাজী আরো বলেন, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মাঝে আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এলাকায় আমার পক্ষে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না এবং আমার কর্মীদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়।
অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সাহসী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার অনেকে নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
উল্লেখ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
জে আই