দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) থেকে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিজিবির মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু হয়। বিজিবি সূত্র জানায়, জেলার পাঁচটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই ১৩ প্লাটুন বিজিবি।
বিজিবি সদস্যরা নরসিংদীর তিনটি বেইজ ক্যাম্প থেকে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানানো হয়।
এদিকে জেলায় বিজিবি মোতায়েনকে স্বস্তির সঙ্গে দেখছেন সাধারণ ভোটাররা। তাদের মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।
জে আই