দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে দলটির প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘যারা জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলেছে, তারাই এখন নারীর ওপর সহিংসতা চালাচ্ছে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, একটি দল নারীর ক্ষমতায়ন, নারী অধিকার ও সমতার কথা বলে এসেছে; নির্বাচনে তারাই আজ নারীর ওপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতায় লিপ্ত হচ্ছে। এটি শুধু অমানবিক উদাহরণ নয়, বরং নারীর প্রতি অমর্যাদা ও অবমাননা।’
জামায়াতের এ নেতা বলেন, ‘নারীর ক্ষমতায়ন কোনো স্লোগান বা রাজনৈতিক মুখোশ নয়—এটি হতে হবে বাস্তব জীবনের প্রতিফলন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়নের সব দাবি অর্থহীন হয়ে পড়ে।’
তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসব ঘটনাকে সামনে রেখে আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী কর্মীদের ওপর অব্যাহত এই সহিংসতা চলতে থাকলে, আগামী নির্বাচন নিয়ে মানুষের মাঝে গভীর সংশয় সৃষ্টি হবে। সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।’
এ সময় ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী–কুতুবদিয়ায় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনের পূর্বে অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তারা যদি নির্বাচিত হয় দুর্নীতির মাধ্যমে শুধু নিজেদের উন্নয়ন করবে।’
এ সময় জামায়াত নেতা মাস্টার নজরুল ইসলাম, কামরুল হাসান, রশিদ মেম্বারসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি/