দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত ও ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটা প্রতিষ্ঠানকে ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে র্যাব-৯ (সিপিসি ১) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরাইল উপজেলার শাহবাজপুর ও কালিকচ্ছ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো- শাহবাজপুর এলাকার মেসার্স শিরিন ব্রিকস, মেসার্স লিজা ব্রিকস ও কালিকচ্ছ এলাকার মেসার্স সিয়াম ব্রিকস।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল উপজেলার শাহবাজপুর ও কালিকচ্ছ এলাকায় ওই তিনটি ইটভাটা প্রতিষ্ঠান কৃষি জমির ক্ষতি সাধনসহ খাল-বিল, হাওর ও পতিত জায়গা থেকে মাটি কেটে পরিবেশের ক্ষতি করছিল। বিষয়টির খবর পেয়ে ইটভাটাগুলোতে অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর এবং র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ওই তিনটি ইটভাটা প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা করে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম, র্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এসপি মো. আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান।
এ বিষয়ে র্যাব-৯ (সিপিসি ১) এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরনবী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ইটভাটা পরিচালনা করায় তিনটি ব্রিকস ফিল্ডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
/অ