দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙা উপজেলায় বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে জেনারেশন জেড (জেন-জি) কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলার পশ্চিম হাসামদিয়া ওয়াটার ওয়ার্ল্ড পার্কে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বেলা সাড়ে ১১টায় সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ফুড অ্যান্ড হেলথ-এর পরিচালক ও সাংবাদিক ওবায়দুল রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে তরুণদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, যেখানে উপস্থিত তরুণরা নিজেদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা অতিথিদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান এবং সদরপুরের তরুণ উদ্ভাবক মারুফ মোল্লার ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা তরুণদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, আজ তরুণদের নিয়ে এমন একটি অনুষ্ঠান আমাদের পার্কে করতে হচ্ছে, কারণ এই এলাকায় কোনো মানসম্মত অডিটোরিয়াম নেই। অথচ গত ১৭ বছর ধরে বলা হয়েছে এই অঞ্চল নাকি ইউরোপ-আমেরিকা হয়ে গেছে। বাস্তবে পদ্মা সেতু আর হাইওয়ে ছাড়া উন্নয়নের তেমন কোনো ছাপ নেই। নির্বাচন করতে না এলে আমি নিজেও বিষয়টি এতটা বুঝতে পারতাম না।
তরুণদের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই তরুণরাই পৃথিবী বদলে দিতে পারে। তবে শুধু তরুণরাই নয় তরুণদের শক্তি আর প্রবীণদের অভিজ্ঞতা মিললেই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে।
তরুণরা কেন তাকে ভোট দেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি গত ১৭ বছর লড়াই করেছি। আমি লুণ্ঠন, গুম ও খুনের রাজনীতির বিরুদ্ধে। তরুণদের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে আমরা পাশে থাকবো।
বিশিষ্ট চিন্তক ও গবেষক ফাহাম আব্দুস সালাম বলেন, ৫ আগস্টের ঘটনা না ঘটলে আজ আমি এখানে আসতে পারতাম না। কিন্তু দুঃখজনকভাবে জুলাইয়ে ছাত্রদলের বহু নেতাকর্মী নিহত হলেও আমরা তাদের যথাযথ গুরুত্ব দেইনি। একজন প্রার্থী বাছাইয়ের সময় তার ট্র্যাক রেকর্ড, রাজনৈতিক দল এবং সংসদে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা জরুরি।
তিনি আরও বলেন, আমি বাবুল ভাইয়ের নিয়মিত টকশো দেখি, আমি উনার একজন ফ্যান। ক্ষমতার উৎস হতে হবে জনগণ—এই স্বপ্ন বাস্তবায়নে বাবুল ভাই ক্ষমতায় যাওয়া উচিত।
রাজনীতি বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, নতুন প্রজন্ম সবসময় পুরোনো প্রজন্মকে ভেঙে সামনে এগোয়। ২০২৪ সালের জুলাই আন্দোলন আমার জেন-জি নিয়ে ভুল ধারণা ভেঙে দিয়েছে। তোমরা এমন এক বিপ্লব করেছ, যা আমাদের সাহস ছিল না।
তিনি বলেন, জামায়াত সমাজে কথা বলার জায়গা সংকুচিত করেছে। এখন অনেকেই ভয় পায়। এটি তাদের বড় রাজনৈতিক পাপ।
ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা দায়িত্বশীল রাজনীতি চাই। ক্ষমতার মালিক জনগণ। তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই দায়িত্ব একা বাবুল ভাই পালন করতে পারবেন না এই জেন-জিকে সঙ্গে নিয়েই তা করতে হবে।
ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, এই অঞ্চলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছেন, বিশেষ করে প্রযুক্তিতে। শহিদুল ইসলাম বাবুল অতীতেও তাদের পৃষ্ঠপোষকতা করেছেন, ভবিষ্যতেও করবেন।
জান্নাতের টিকিট বিক্রি সংক্রান্তিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জান্নাত-জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। যারা এসব ব্যাবসা করছে তারা ভণ্ড।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু ও ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সজল। এছাড়া বক্তব্য রাখেন ডাকসুর সাবেক এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ আরও অনেকে।
জে আই