দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র। জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে যেখানে ছেলে প্রার্থী, সেখানে তার বাবা প্রকাশ্যে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি দশ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
বিএনপির পক্ষে ভোট চাওয়ার বিষয়ে আজিজুর রহমান বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। এ কারণেই আমি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করি।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’
এমএস/