দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কি এলাকার বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি করেন।
যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তৃতাকালে মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর মন্তব্য করেন। এসব বক্তব্য একজন মৃত ব্যক্তির ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জিয়া পরিবারের সম্মানেও আঘাত হেনেছে বলে অভিযোগ করা হয়।
বাদীর দাবি, ওই বক্তব্যের ফলে আরাফাত রহমান কোকো ও তার পরিবার জনসমক্ষে হাস্যকর ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর।
এজাহারে আরও বলা হয়, গত ১৭ জানুয়ারি বিএনপির যশোর লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে অবস্থানকালে অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখার পর বাদী গভীরভাবে হতবাক ও মর্মাহত হন।
এ বিষয়ে আইনজীবী এম.এ. গফুর বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’
উল্লেখ্য, অভিযুক্ত মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী।
আরএ