দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) কলারোয়া উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই কলারোয়া থানার চৌকস পুলিশ সদস্যদের অংশগ্রহণে এই মহড়া শুরু হয়। আধুনিক অস্ত্র, সরঞ্জাম ও সুসজ্জিত যানবাহনের বহর নিয়ে পুলিশের কাফেলা যখন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, তখন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যায়।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়, সে লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যে-কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু শহরাঞ্চল নয়, উপজেলার প্রত্যন্ত ও পল্লী এলাকাগুলোতেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় ভোটাররা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত এ ধরনের মহড়া ও টহল অব্যাহত থাকলে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। কোনো অপশক্তি যাতে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
পুলিশ প্রশাসন আরও জানায়, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে কলারোয়া থানা পুলিশ। আগামী কয়েকদিনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও নিশ্চিত করেছে প্রশাসন।
জে আই