দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ ১৩ সংসদ সদস্য। টুকু পাবনা-১ আসনের সংসদ সদস্য। বুধবার ঈশ্বরদী পৌরসভা জামায়াতের আমির গোলাম আজমের বাড়িতে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডেপুটি স্পিকার শামসুল হক বুধবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে যান।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন শেষে বুধবার দুপুরে তারা ঈশ্বরদী পৌর শহরের ইসলামপুর (ভূতেরগাড়ি) এলাকায় আরআরপি শিল্প গ্রুপের অন্যতম মালিক ও ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজমের বাসভবনে যান। সেখানে খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে ফেরার সময় আরআরপি ফিডমিলের আঙিনায় একটি গাছের চারাও রোপণ করেন।
জামায়াত নেতার স্বজনরা জানান, ডেপুটি স্পিকার তাদের আত্মীয়।
গোলাম আজমের দলীয় পরিচয় নিশ্চিত করে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি, সেখানে রাষ্ট্রের এমপি, মন্ত্রী পর্যায়ের লোকজন আসতেই পারেন। এতে দোষের কিছু নেই।
এদিকে জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর যাওয়া স্থানীয় দলীয় নেতারা দ্বিমত পোষণ করছেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এটি রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা বিব্রতকর।
এদিকে ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, সরকার দলীয় এমপিদের আর খাওয়ার জায়গা ছিল না। জামায়াত নেতার বাড়িতেই খেতে হলো। বিষয়টি লজ্জাজনক।
এফএইচ