দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ) রাত ২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে মজনু ও দ্বিন ইসলাম ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করেন। পরে উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, নিহত মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জে আই