দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের লোকজন সংঘর্ষে জড়িয়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন আহত ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামায়াতকর্মী সাকিব,এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন খোকন। বিএনপির অনুসারীরা হলেন- মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়া। উভয়পক্ষের লোকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে সৈয়দপুর গ্রামের একটি বাড়িতে জামায়াত ইসলামের মহিলা শাখার উদ্যোগে কুরআন তিলাওয়াতের একটি পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত মহিলা জামায়াতের নারী নেত্রীরা নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইছেন—এমন তথ্য ছড়িয়ে পড়ে। এরপর বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তর্কবিতর্কের জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত জামায়াতকর্মী সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিকেলে আমাদের মহিলা শাখার উদ্যোগে একটি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে বিএনপির লোকজন বাধা দেয়। খবর পেয়ে আমরা গেলে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।’
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম সুমন বলেন, ‘মহিলা জামায়াতের তামিল প্রোগ্রামকে কেন্দ্র করে বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচজন আহত হয়েছেন।’
অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ বলেন, ‘জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছিলেন। এ খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে জামায়াতের লোকজন এসে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
/অ