দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ শোকজ নোটিশ দেন আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ। একই ঘটনায় বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিনকেও শোকজ করা হয়।
শোকজ নোটিশে শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়েছিলেন শাহজাহান চৌধুরী। এ প্রীতিভোজে তার উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এ কারণে নোটিশ দেওয়া হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি এটা সত্য। এটা যে আচরণবিধির লঙ্ঘন সেটা মাথায় ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকবো। নোটিশের বিষয়টি জেনেছি। আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এটির জবাব দেব।
আরএ