দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪৫টি ককটেল, বিস্ফোরক দ্রব্য ও একটি ড্রোনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আটক চারজনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরএ