দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী গুম, খুনসহ নানারকম ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে। ভবিষ্যতে যদি সেই ধরনের অপরাধ আর দেখতে না চান, তাহলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে হবে এবং এ বিষয়ে জনমত গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হয়েছে। আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এই গণভোট শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ। তাই ধর্মীয় নেতা ও সমাজের সচেতন ব্যক্তিদের গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
এদিকে একই দিন বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ। সেখানে তিনি গণভোটের গুরুত্ব ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
জে আই