দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে শীতকালীন মৌসুমে টানা জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ছুরি মাছ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া নৌঘাট থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ে ১০৯ মণ ছুরি মাছ। এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যাত্রা করে। দুপুর ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে একঝাঁক ছুরি মাছ ধরা পড়ে। মৌলভি হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে ধরা পড়া এসব মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া কিনে নেন।
জানা গেছে, ধরা পড়া ছুরি মাছগুলো পরিষ্কার করে শুঁটকি তৈরি করা হবে। পরে সেগুলো চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন বাজারে পাঠানো হবে।
টানা জালের মালিক মৌলভি হাফেজ আহমদ বলেন, আমি দুটি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনলেও টাকা পরিশোধ করতে পারিনি। আল্লাহর রহমতে প্রতি বছর আমার জালে এভাবে প্রচুর মাছ ধরা পড়ে। এ বছরও শীতের শুরুতেই ভালো পরিমাণ ছুরি মাছ পেয়েছি।
মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় ২৫ বছর ধরে মাছের ব্যাবসার সঙ্গে জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে মাছের প্রাচুর্য থাকে। আজ ছুরি মাছ প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় কিনেছি। মাছগুলো শুঁটকি করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে। আশা করছি ভালো লাভ হবে।
জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা তেমন মাছ পাচ্ছিলাম না। আজ সকাল ৮টায় ২০ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সবাই খুব খুশি।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এখানে ঘুরতে এসে দেখি বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। পরিবেশটা একদম ঈদের মতো আনন্দমুখর।
স্থানীয়রা জানান, শীতকালীন মৌসুম শুরু হওয়ায় ধীরে ধীরে সমুদ্রে মাছের প্রাপ্তি বাড়ছে। এতে জেলে, বোট মালিক ও মাছ ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
জে আই