দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাথমিক শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং গবেষণালব্ধ ফলাফল বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর মিলনায়তনে মাঠপর্যায়ের গবেষকদের জন্য আয়োজিত গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে পর্যাপ্ত গবেষণা হয় না। এক্ষেত্রে মূল দায়িত্ব জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির। নেপ নিয়মিত গবেষণা পরিচালনা করলেও গবেষণা খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। তবে সীমিত বাজেটের মধ্যেও নেপ যে গবেষণাগুলো করে, সেগুলো বাস্তবধর্মী এবং মাঠপর্যায়ের সমস্যা নির্ভর হওয়ায় প্রয়োগযোগ্য।
তিনি আরও বলেন, গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করা গবেষকদের একক দায়িত্ব নয়। এটি নির্ভর করে নীতিনির্ধারক ও বাস্তবায়নকারী সংশ্লিষ্টদের ওপর। অনেক সময় প্রাথমিক শিক্ষাসংক্রান্ত গবেষণার বাস্তবায়নে অন্যান্য মন্ত্রণালয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রভাব পড়ে। ফলে সব গবেষণার ফল সরাসরি প্রয়োগ করা সম্ভব হয় না।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণে সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নেপ মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, নেপ পরিচালক দিলরুবা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জে আই