দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর গ্রামের অসহায় ও গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আঁকন দম্পতির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে। দীর্ঘদিন পলিথিনের ছাপরা ঘরে মানবেতর জীবনযাপন করা এই দম্পতি এবার পেয়েছেন একটি পাকা ঘর।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত পাকা ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’-এর মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের নজরে এলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে দ্রুত ঘরটি নির্মাণ করা হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন, গৃহহীন বয়োজ্যেষ্ঠ একটি দম্পতির হাতে একটি পাকা ঘরের চাবি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন পাকা ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত ছালেক আঁকন বলেন, আমি দীর্ঘদিন ধরে ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো ঘর পাইনি। জেলা প্রশাসন ও পজিটিভ পিরোজপুরের মাধ্যমে আজ একটি পাকা ঘর পেয়েছি। আমরা খুবই খুশি। মনেপ্রাণে সবার জন্য দোয়া করি।
স্থানীয়রা এ উদ্যোগকে একটি মানবিক ও প্রশংসনীয় কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষদের নতুন করে বেঁচে থাকার আশা জাগায়।
জে আই