দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। অভিযানকালে অফিসারের কক্ষ থেকে ঘুষের টাকা উদ্ধারসহ আশরাফুল আলমকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী তার প্রয়াত স্ত্রীর পেনশন সংক্রান্ত অর্থ ছাড়ের জন্য দীর্ঘদিন ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে আসছিলেন। তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং গত বছরের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
অভিযোগ অনুযায়ী, পেনশনের টাকা ছাড় করতে আশরাফুল আলম প্রথমে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে ঘুষ দাবি করেন।
নুরুন্নবী জানান, এর আগে তিনি আশি হাজার টাকা ঘুষ হিসেবে দিতে বাধ্য হন। পরে আরও টাকা দাবি করা হলে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। তবে টাকা না দিলে পেনশনের ফাইল ছাড় করা হবে না বলে তাকে চাপ দেওয়া হয়। এমনকি তার স্ত্রীর বেতন কাঠামো কমিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
শেষ পর্যন্ত বুধবার বিকেলে পেনশনের ফাইল ছাড়ের আশ্বাসে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময় দুদক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/অ