দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে ঋণের মামলার চাপ ও মানসিক উত্তেজনার কারণে সবুর তালুকদার (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মৃত কুরান তালুকদারের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজের বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, সবুর ছিলেন অত্যন্ত সহজ-সরল ও ভদ্র একজন মানুষ। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদীর অরনকোলা থেকে সবুরের ছোট মেয়ের জামাই ৫০ হাজার টাকার একটি সুদের ঋণ নেয়। পরবর্তীতে সুদের টাকা বাড়তে বাড়তে প্রায় তিন লাখ টাকায় পৌঁছে যায়। টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ঋণের কারণে মামলা হয়, যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। ঋণ ও মামলা থেকে সৃষ্ট মানসিক চাপে তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার কয়েকজন শিশু সবুরকে পার্শ্ববর্তী গোরস্তানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তাদের পরিবারের সদস্য এবং এলাকাবাসীকে খবর দেয়।
নিহতের খালাতো ভাই ও প্রতিবেশীরা জানান, ঋণ ও মামলাসংক্রান্ত বিষয় নিয়ে সবুর বেশ কয়েকদিন ধরে মানসিক চাপ ও দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই