দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির নিজের আয় ও দলের কর্মী-শুভানুধ্যায়ীদের দানের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে জানা গেছে, তার বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা। তার স্ত্রীর আয় তার চেয়ে প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদ তিন গুণেরও বেশি।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। বয়স ৪৪ বছর।
হলফনামা অনুযায়ী, আইন পেশা থেকে তার বার্ষিক আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। ব্যাংক লভ্যাংশসহ অন্যান্য উৎস থেকে আয় দেখিয়েছেন ৯৬ হাজার ৫৯৩ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজীবী। তার বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা, শেয়ার-বন্ড ও সঞ্চয় থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা এবং ব্যাংক লভ্যাংশসহ অন্যান্য উৎস থেকে আয় ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা।
কার কত সম্পদ
হলফনামা অনুযায়ী, শিশির মনিরের অস্থাবর সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা। এর মধ্যে নগদ অর্থ ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, একটি যানবাহনের মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৪ লাখ টাকা এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষিজ জমি।
অন্যদিকে তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। এর মধ্যে ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, যানবাহন, নগদ অর্থ, ইলেকট্রনিক সামগ্রী ও উপহার হিসেবে পাওয়া সোনা অন্তর্ভুক্ত রয়েছে। তার নামে কোনো স্থাবর সম্পদ নেই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা
এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। তার বয়স ৭৫ বছর। পেশায় কৃষক নাছির চৌধুরী কৃষি থেকে বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ টাকা। তার অস্থাবর সম্পদের পরিমাণ ১৪ লাখ টাকা এবং স্থাবর সম্পদের মধ্যে রয়েছে তিন একর কৃষিজমি।
এ ছাড়া দলীয় চিঠি পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী। বয়স ৪৯ বছর। তিনি আইন পেশায় যুক্ত। কৃষি ও অন্যান্য খাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪৭ হাজার ৬৪৪ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, একটি প্রাইভেট কার, সোনা ও ইলেকট্রনিক সামগ্রী। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১১ একর কৃষিজমি।
মামলা ও নির্বাচনী ব্যয়
হলফনামায় দেওয়া তথ্যে জানা যায়, মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা, যা হাইকোর্টের আদেশে স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তাধীন। নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই।
নির্বাচনী ব্যয়ের হিসাবে শিশির মনির ব্যয় দেখিয়েছেন ৩০ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ২০ লাখ টাকা তার নিজস্ব আয় থেকে এবং বাকি ১০ লাখ ৬০ হাজার টাকা দেবে জামায়াতে ইসলামী, যা কর্মী-শুভানুধ্যায়ীদের দান হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাছির চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন ৩৪ লাখ টাকা, যার একটি অংশ আসবে তার প্রবাসী ভাইদের কাছ থেকে। তাহির রায়হান চৌধুরী নির্বাচনী ব্যয় দেখিয়েছেন ২৫ লাখ টাকা, যার বড় অংশ দেবেন তার যুক্তরাজ্যপ্রবাসী ভাইরা।
এবি/