দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার তুলাতলী এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে একটি নৌযানের ধাক্কায় ৩০০ টন লবণবোঝাই একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা সাতজন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার তুলাতলী এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘দোলওয়ারা’। এতে থাকা বিপুল পরিমাণ লবণ নদীর পানিতে মিশে গেছে। যার মূল্য ১৭ লাখ টাকা।
ট্রলারের শ্রমিক বিল্লাল হোসেন জানান, বুধবার চট্টগ্রামের কুতুবদিয়া থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রলারটি ঘন কুয়াশার কারণে ভোলার তুলাতলী ঘাট এলাকায় নোঙর করে। এ সময় অপর একটি নৌযান এসে ট্রলারটিকে ধাক্কা দিলে তলার অংশে ফাটল সৃষ্টি হয় এবং একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা সাতজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সকালে ট্রলারের মালিকপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে।
ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিতে নৌপুলিশ অবস্থান নিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই