দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই আসনে প্রথমে সাবেক এমপি মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও পরে কবির আহমেদ ভূঞাকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী।
অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগামীকাল মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।
এ ব্যাপারে কবির আহমেদ ভূইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আলহামদুলিল্লাহ। আমি মনোনয়ন পেয়েছি। মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাই কমান্ডের কাছে কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমিও ফেসবুকে দেখিছি। ফেসবুকে দেওয়া কবির আহমেদ ভূইয়ার মনোনয়নপত্রে “সংযুক্তি-২” লেখা আছে।
তিনি আরও বলেন, বিষয়টি আমি নিশ্চিত নই। বিকল্প প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দিয়ে থাকতে পারে।
আরএ