দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাগুরা-২ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামান এমপির ৩২তম মৃত্যুবার্ষিকী আজ।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মৌলভি জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং ১৯৫৪ সাল থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
তিনি ১৯৬১ সালে মাগুরা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ তৎকালীন সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। এই সময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন।
১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে তিনি মাগুরা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে গণপরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি মাগুরা-২ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে দায়িত্ব পালনের জন্য তিনি ‘শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান’ হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।
এই বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে মাগুরা শহরের ভায়না পৌর কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়। এছাড়া তার নিজ গ্রাম মহম্মদপুর উপজেলার মৌলভি জোকা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জে আই