দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘হাউস মাছ’ নামে পরিচিত। বিরল এই মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় দারুণ খুশি অর্থকষ্টে থাকা জেলে কীর্তন মাঝি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলার বড়খেরী মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। এর আগে উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে মাছটি বড়খেরী মাছঘাটে নিয়ে আসেন। দূর থেকেই বোঝা যাচ্ছিল মাছটি বিশাল আকৃতির ও ওজনে ভারি। মাছঘাটে মোতালেব বেপারীর আড়তে নিলামে তোলা হলে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটির ওজন ও আকার এতটাই বড় ছিল যে ১২ জন জেলে মিলেও নৌকা থেকে নামাতে পারছিলেন না। পরে পাশের একটি ট্রলারের জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলা হয়।
আড়তদার মোতালেব বেপারী বলেন, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে। সাধারণত এই মাছ সাগরে থাকে। স্রোতের টানে নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কীর্তন মাঝি মাছটি আমার আড়তে নিয়ে এলে নিলামে তোলা হয় এবং কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী বলেন, হাউস মাছ সচরাচর পাওয়া যায় না। এ মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে। যে দামে কিনেছি, তার চেয়ে ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করছি।
মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ছিল না। এতে অর্থকষ্টে ভুগছিলাম। বড় একটি শাপলা পাতা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।
আরএ