দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনবিহীন মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামক একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ ও মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
অভিযান পরিচালনাকালে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার, পরিদর্শক শের আলম এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অনুমোদনবিহীন এই ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং কাঁচা ইট গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মালিক আবু তালেব মণ্ডলের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
উত্তম কুমার আরও বলেন, গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ও অনুমোদনবিহীন ইটভাটা গুলো বন্ধ করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, কেন শুধু একটি ইটভাটায় অভিযান চালানো হলো, যেখানে গোবিন্দগঞ্জ উপজেলায় এ ধরনের আরও অনেক অবৈধ ইটভাটা রয়েছে।
অনেকেই মনে করছেন, হয়তো সমঝোতার মাধ্যমে অবৈধ অন্যান্য ইটভাটাগুলোকে সতর্ক করার জন্যই এই অভিযান ‘লোক দেখানো’ ভাবে পরিচালনা করা হয়েছে।
/অ