দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন হলো। বিশ্ববিদ্যালয়টির অধীনে দুটি অনুষদের আওতায় দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জারি করা ইউজিসির এক অফিস আদেশে এই অনুমতি দেওয়া হয়।
ইউজিসি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে আইন অনুষদের আওতায় “আইন বিভাগ” এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় “অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগ” চালুর অনুমতি দেওয়া হয়েছে। এতে নওগাঁবাসীর দীর্ঘদিনের উচ্চশিক্ষা সম্প্রসারণের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি ঘটল।
ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত অনুমোদনপত্রটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিভাগ চালুর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী অনুমোদনের খবরটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঐতিহাসিক একটি মুহূর্ত’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন তার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা খুব দ্রুত পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়া সম্পন্ন করে বিভাগ দুটির কার্যক্রম শুরু করব।”
তিনি আরও বলেন, “নওগাঁ ও আশপাশ জেলার শিক্ষার্থীরা এখন রাজধানীতে না গিয়েও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এটি নওগাঁর সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
নওগাঁর বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী বিষয়টিকে নওগাঁর শিক্ষাখাতে ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু থেকেই জেলার মানুষের প্রত্যাশা ছিল ধীরে ধীরে এখানে গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন বিভাগ চালু হবে। আইন ও AIS বিভাগ চালুর অনুমোদন সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করল। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় থেকে পড়াশোনা করার সুযোগ পাবে।”
তিনি আরও যোগ করেন, “সরকার ও ইউজিসির এই সিদ্ধান্ত নওগাঁ অঞ্চলের মানবসম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তৃতি বাড়লে গবেষণার সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কারিকুলাম প্রণয়ন ও একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
আরএ