দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটায় যুবদলের উদ্যোগে পৌরসভার ১নং ওয়ার্ডের অরকা পল্লীতে প্রায় ৫ শতাধিক রোগীদের প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা সহজ করতে যুবদলের এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।
অনুষ্ঠানে আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ।
যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং এবি এম মোশাররফ হোসেন ভাইয়ের পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।
দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ ৪ জন চিকিৎসক ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর ও চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
এ সময় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরএ