দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে একই রাতে দুই বাড়িতে চুরি ও এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি ও বারতোপা (পাথারপাড়া) এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিরিশগুড়ি গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে আলী আকবরের বাড়ির তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই রাতে পাশের রাইসুলের বাড়িতেও তালা ভেঙে নগদ টাকা ও কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি হয়।
অপরদিকে, বারতোপা গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর। রাত সাড়ে চারটার দিকে চোরেরা তালা কেটে পিকআপে করে গরুগুলো তুলে নেয়। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান কৃষক কাশেম।
তিনি বলেন, ‘ভোরে উঠে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই। পাঁচটি গরুই আমার জীবনের সব সম্বল ছিল। আমি শেষ হয়ে গেলাম।’
স্থানীয় বিএনপি নেতা রুহুল আমীন বলেন, ‘রাতের বেলায় পিকআপে করে গরু চুরির ঘটনা এখন প্রায়ই ঘটছে। এসব রোধে পুলিশি টহল বাড়ানো জরুরি।’
চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চোরচক্রকে ধরতে অভিযান চলছে।
এমএস/