দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা কাঁচাবাজারে শিশিরভেজা সকালে কৃষকদের খোঁজ নিতে গেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২ নভেম্বর) সকালে কৃষি বাজার পরিদর্শনে গিয়ে কৃষকদের খোঁজ খবর নেন এবং এনসিপির সঙ্গে থাকার জন্য বলেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
হঠাৎ এই আগমন ঘিরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইতে থাকে। প্রিয় নেতাকে কাছে পেয়ে কৃষকরা তরতাজা সদ্য ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মৃতিচারণের জন্য সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন। পরে মাঠ পর্যায়ের নানা সমস্যা ও প্রয়োজন সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
তিনি বলেন, কৃষকরাই এই দেশের প্রাণ। আপনাদের পরিশ্রমে দেশ বাঁচে, দেশ এগিয়ে যায়। আপনাদের কল্যাণে আমরা সবসময় পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।
এছাড়াও জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ, পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহর আগমন ও কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ ভিড় জমায় নেতাকে এক নজর দেখার জন্য। পরবর্তীতে তিনি ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন।
জে আই/ আরএ