দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলায় মাসুদ রানা (৫৫) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন।
নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের সবর শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রামের মান্দার খার বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
নিহতের ছোট ভাই ওমরসানী শেখ বলেন, স্থানীয় মাদক ব্যাবসায়ীদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তারা আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমার ভাই হত্যাকারীদের ফাঁসি চায়।
কালিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আরএ