দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা, হরিনা গাজীপুর এলাকার মো. রুস্তমের ছেলে মো. রাজা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজার নির্দেশে রাতের অন্ধকারে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। স্থানীয়রা প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। পরে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার উপস্থিতিতে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা পশু চিকিৎসক ডা. ওলিউল্লাহ জানান, গরুটি প্রসবের সময় মৃত বাচ্চা জন্ম দেয় এবং মা গরুর একটি পা পচে গেছে। এটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল এবং মানুষের জন্য ক্ষতিকর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, জনস্বাস্থ্য রক্ষায় অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করা চলবে না। প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের অপরাধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই