দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা থেকে রক্ষা করতে গিয়ে ঘাতকের দায়ের কোপে নিহত হয়েছেন শিশুটির দাদি ফুলবাঁশি (৬৫)। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আবুল রবিদাসকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলার ভালুকার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের চার বছরের ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন, প্রতিবেশী আবুল রবিদাস শিশুটিকে প্রলুব্ধ করে অপহরণ করেছে এবং ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যান তার দাদি ফুলবাঁশি। তখন অভিযুক্ত আবুল রবিদাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে ফুলবাঁশির মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরই আবুল রবিদাস পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই এবং নিহত ফুলবাঁশির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আসামির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত চার্জশিট দাখিল করে বিচার নিশ্চিত করা হবে।
/অ