দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরান হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
রোববার গভীর রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।
গত এক মাসে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন রোগী। এর মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী ও ৮ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তফা ফয়সাল রাহাত জানান, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হলেও মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশনের তেমন উদ্যোগ নেই।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু ওয়ার্ডে ২৪টি বেড থাকলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৭০ জন রোগী। ফলে শয্যা সংকটে অনেককে কষ্ট ভোগ করতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, ওষুধ ও সরঞ্জাম থাকলেও শয্যা ও জনবলের ঘাটতি রয়েছে। নগরীর বাউন্ডারী রোড এলাকার বাসিন্দা জামান মিয়া বলেন, সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই নতুন রোগী বাড়ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে প্রশাসনিক ভবনের ৪ তলায় ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি পরামর্শ দেন, কয়েক দিন জ্বর বা ঠান্ডায় ভুগলে দ্রুত চিকিৎসকের শরণ নিতে।
এমএস/