দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৪৭)।
নিখোঁজ থাকার সাত মাস পর বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়—নজরুল ইউক্রেন যুদ্ধে মারা গেছেন। খবরটি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে তার গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। ২০২০ সালে অবসরে যাওয়ার পর জীবিকার তাগিদে বাঁধাই মালের একটি ছোট ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু ব্যবসায় লোকসান ও ধারদেনার চাপে পড়ে আর্থিক সংকটে পড়েন। এ সময় স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন পান নজরুল। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার আশায় ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশে পাড়ি জমান তিনি। তবে সেখানে পৌঁছে জানতে পারেন তাকে নিরাপত্তাকর্মী নয়, বরং সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।
পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয় এপ্রিলের শেষ সপ্তাহে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তার মৃত্যুসংবাদ আসে গত বুধবার। চার কন্যার জনক নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে, ছোট মেয়েটি এখনো স্কুলে ভর্তি হয়নি।
স্ত্রী রোকসানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামী বিদেশে গিয়েছিল মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য। এখন তারা বাবাহারা, আমি স্বামীহারা। আমাদের আর কিছুই রইল না।
স্থানীয়রা জানান, নজরুল ছিলেন শান্ত, পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ। সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতায় তিনি সর্বদা নিয়মমাফিক জীবনযাপন করতেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জে আই/ আরএ