দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের কল্যাণ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আরমান হোসেন ওরফে বিজয় (২৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে আরমান মোটরসাইকেলে করে হাজীপুরের নতুন ব্রিজ এলাকা থেকে একলাশপুরের কল্যাণ মার্কেটের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন মো. বাচ্চু ও মো. কিরণ নামের দুই সঙ্গী। পথে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের মোটরসাইকেলটি গতিরোধ করে। এ সময় বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও দুর্বৃত্তরা আরমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মামা ইসমাইল হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ আগে নতুন ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরমানের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত আরমানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
জে আই/