দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার কোরালিয়া খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দালাল বাজার পালেরহাট সড়কের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় যুবক কাইয়ুম হোসেন খালে মাছ ধরতে গিয়ে বাঁশঝাড়ের নিচে ইউছুফের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি তিনি আশপাশের লোকজন ও পুলিশকে জানান।
নিহতের ছেলে মো. শাকিল বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ধারণা করা হচ্ছে, ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই /