দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় এবং সদর থানার সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে পূবাইল থানার তালটিয়া (পূর্বপাড়া) এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং একই এলাকার বাথানবাড়ীর জামান মিয়ার ছেলে লিখন (২১) একটি মোটরসাইকেলে চড়ে বেপরোয়া গতিতে ভুলতার দিকে যাচ্ছিল। পুবাইলের সমরসিং এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোগড়া-ভুলতা মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক স্থানীয় দক্ষিণ সালনা এলাকার এমদাদুল হক (৪০) এবং এক নারী আরোহী জামালপুরের সরিষাবাড়ি উপজেলা এলাকার মাধবী প্রসাদ (৪২) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হলেও কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ