দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব অবস্থান নিয়েছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অলিক মৃ লেখেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছি।
তিনি আরও জানান, ইতোমধ্যে ই-মেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
অলিক মৃ গণমাধ্যমকে বলেন, গত ২৬ সেপ্টেম্বরের ঘটনায় এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটির এক বিবৃতি প্রকাশিত হলেও সেখানে ধর্ষণের ঘটনার উল্লেখ ছিল না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুরের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে আমি দলীয় গ্রুপে ও ই-মেইলে প্রশ্ন তুললেও কোনো জবাব পাইনি।
এদিকে, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করেও ক্ষোভ প্রকাশ করেছেন অলিক মৃ। ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে হান্নান মাসউদকে বলতে শোনা যায়, একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করে তুলতে চায়।
অলিক মৃ এই বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে তিনি দলীয় পদে থেকে কাজ চালিয়ে যেতে পারেন না।
অন্যদিকে, অলিক মৃর পদত্যাগের কিছুক্ষণ পর ফেসবুকে দেওয়া এক পোস্টে হান্নান মাসউদ পুনরায় দাবি করেন, একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে... আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ব।
জে আই/আরএ