দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের ১৩নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের একাধিক সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগে এসব তথ্য ওঠে আসে।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আওলাদ হোসেন সরকারি প্রকল্প ও ভিজিডি-ভিজিএফের ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম করেন। দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল, টিন, ঢেউটিন, কৃষি উপকরণসহ নানা সহায়তা আত্মসাৎ করে নিজস্ব ব্যবসা ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের না জানিয়ে নিজেই একক সিদ্ধান্তে নানা প্রকল্পের বরাদ্দ উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। স্থানীয়দের নামে জাল সনদ, টিআর-কাবিখার টাকা আত্মসাৎ এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের অর্থ লোপাট করারও অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একটি স্বার্থান্বেষী মহলকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক অর্থের সিংহভাগ আত্মসাৎ করেছেন। ফলে ইউনিয়নের প্রকৃত উন্নয়ন হয়নি।
২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থের সঠিক হিসাব পাওয়া যায়নি। শুধু একটি প্রকল্পেই প্রায় ২২ লাখ টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে ইউনিয়নের ১১ জন সদস্য চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারীরা জানান, দুর্নীতি ও অনিয়মের কারণে ইউনিয়নের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরএ