দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরী ও দুই যুবকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২৮ জনের প্রাণহানি ঘটল।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) ও একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা যান।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ছয় জেলার সরকারি হাসপাতালে ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় ১০৪ জন, পটুয়াখালীতে ৯৭, পিরোজপুরে ২১, বরগুনায় ১১৭ এবং ঝালকাঠিতে ১৮ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২ হাজার ৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছরের ২৮ জন মৃত রোগীর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনায় ১১ জন এবং পটুয়াখালীতে একজন মারা গেছেন।
জে আই/আরএ