দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচের আদলে ব্যতিক্রমী কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় স্থানীয়দের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলাটি দেখতে বিভিন্ন বয়সী হাজারো মানুষের ভিড় জমে যায় এলাকায়।
গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ভোগডাঙ্গাসহ পাশের ইউনিয়নের মোট ১৮টি দল অংশ নেয়। প্রতিটি ভেলায় ৪ থেকে ৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চার দিনের খেলায় বাছাইপর্ব শেষে পঞ্চম দিনে ফাইনালে জায়গা করে নেয় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ পাঁচটি দল।
রোমাঞ্চকর ফাইনালে ‘দশের দোয়া’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘গরীবের বন্ধু’ ভেলা দল। আয়োজকরা বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে দুইটি খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস তুলে দেন।
দর্শকরা জানান, হাডুডু, গরুর মইদৌড়ের মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় বিলীন হতে বসেছে। এর মধ্যে কলাগাছের ভেলাবাইচ তাদের নতুন আনন্দ ও বিনোদন দিয়েছে।
দর্শক রবিন বলেন, নৌকা বাইচ দেখেছি, কিন্তু কলাগাছের ভেলার প্রতিযোগিতা এই প্রথম। খুব ভালো লেগেছে।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, আমিও খেলাটি দেখে অবাক হয়েছি। হাজারো মানুষ আনন্দে উল্লাসে অংশ নিয়েছে। গ্রামীণ বিনোদনের জন্য এমন ব্যতিক্রমী খেলার আয়োজন আরও হওয়া উচিত।
জে আই