দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকনাফের বাহার ছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড় থেকে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জন বন্দিকে উদ্ধার করেছে নৌ-বাহিনী ও কোস্টগার্ড। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা রয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা নারী ও শিশুসহ ৬৬ জন ব্যক্তিকে উদ্ধার করে।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারিরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।
তারা আরও জানায় যে, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
আরএ