দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলের সময় নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক তাকে দণ্ড প্রদান করা হয়।
রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মুদি দোকান দেওয়ার পাশাপাশি কনটেন্ট তৈরি করে থাকেন।
সৈকতের ফটোগ্রাফাররা জানান, আমরা সৈকতে ছবি তুলছিলাম। হঠাৎ দেখি মেয়েদের ভিডিও করছে আর বাজে মন্তব্য করছে। তখনই আমরা গিয়ে তাকে আটকে ফেলি। তার মোবাইল ফোন চেক করে অনেক ভিডিও পাওয়া গেছে। এরপর আমরা দ্রুত ট্যুরিস্ট পুলিশকে খবর দিই।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,রুবেলকে মোবাইলসহ সৈকতের ফটোগ্রাফাররা আটক করে। প্রাথমিক তদন্তে তার ফোনে দীর্ঘদিন ধরে এ ধরনের কনটেন্ট তৈরির প্রমাণ মিলেছে। তবে সেগুলো কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি এসব ভিডিও বিক্রি করতেন বা অন্য ডিভাইসে সংরক্ষণ করতেন।
ঘুরতে আসা পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের অনৈতিক কাজ অত্যন্ত দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন,পর্যটন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। আইন অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রুবেলকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/